কবিঃ এম আর মাহ্ফুজ
ব্যর্থ সমাজে মানুষ জাগে না জ্ঞান–আলোয়,
হুজুগের ঝড়ে ভাসে সবাই, বই পড়াই মন নাই।
বিজ্ঞান, প্রশ্ন, মুক্তচিন্তা পড়ে থাকে এক কোণে,
চিন্তার চেয়ে চিৎকার বড় হয় সমাজের স্রোতে।
মানুষে সস্তা হাসি, ফাঁপা খেলা বিনোদনের নাম,
অর্থহীনতায় রাতারাতি হয় পরিচয় আর দাম।
জ্ঞান ও মেধা নয়, মুখচালাকিই হয়ে ওঠে শক্তি,
শূন্যতা দিয়েই গড়ে ওঠে জনপ্রিয়তার ভক্তি।
এ সমাজে আজ দুর্নীতিবাজ হয় সফলতার মূর্তি,
তাদেরকেই দেখিয়ে শেখানো হয় জীবনের নীতি।
অশিক্ষিতদের হাতে লেখা হয় ভাগ্যের নকশা,
শিক্ষার চেয়ে ক্ষমতা বড় এটাই সমাজের ভাষা।
একজন চিন্তকের বিপরীতে হাজার বোকার ভিড়,
সচেতন শব্দ ডুবে যায়, যেন শুধু পচা কথার নীড়।
সত্য যে বলে, তাকে করে রাখে আজ একঘরে
কঠিন আয়না দেখালে তাকাতে চায় না ফিরে।
উদ্যোক্তা সেখানে অচেনা, আজ অবহেলিত নাম,
চাকরির সাইনবোর্ডেই আটকে থাকে যেন সম্মান।
তরুণদের চোখে আজ থাকে না কোনো মহৎ দিশা,
শর্টকাটে বড়লোক হবে এটাই শুধু একমাত্র তৃষ্ণা।
তুচ্ছ কথায় ভরে ওঠে সমাজে আলোচনার মেলা,
গুরুত্বপূর্ণ বিষয় হারায়, বাড়ে ফাঁকা ফাঁকা খেলা।
অর্থহীন তত্ত্ব বিলাশে মানুষ থাকে সদা নেশাগ্রস্ত,
সৃষ্টি থেমে যায়, হৃদয় পড়ে থাকে ক্লান্ত, নিস্তব্ধ।
সমাজে সবাই সবজান্তা, সবার আছে মতামত
কিন্তু সমস্যার গভীরে নামে না কেউ সত্যি মত।
দোষ চাপাতে সবাই ওস্তাদ, সমাধান রয় দূরে,
সমস্যার উপর ভেসে ডুবে যায় সমাজ ধীরে।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

