দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক বিজ্ঞপ্তিতে সিরিজের নতুন সময় জানায় বিসিবি।
পূর্বে ঘোষিত সময় সূচিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরুর হবার কথা ছিল। নতুন সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১১টায় শুরু হবে। ম্যাচ শেষ হবার সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুতে কোন পরিবর্তন হয়নি।
১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।
ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। নতুন সময় অনুযায়ী প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। যা শেষ হবে বিকেল ৫টা ১০ মিনিট।
মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ আগের থেকেই দুপুর ২টায় শুরু হবার কথা ছিল। ঐ ম্যাচের সময়ে কোন পরিবর্তন আনা হয়নি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা।
২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

