সারাদেশের সাথে নাটোরে আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। জেলার ২১ হাজার ৬৩১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। জেলায় মোট ৪৭টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
এরমধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৭টি কেন্দ্রে ১৫ হাজার ৫৯২ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৮৩৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭ টি কেন্দ্রে ২ হাজার ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ জানান, এই পরীক্ষা কেন্দ্রে ৬৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এ বছর প্রথমবারের মতো সব পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। বোর্ডের সব নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণে রাখছেন। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

