সরকারি দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন করে কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না।
তিনি অবিলম্বে সকল শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান।
বাক্স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা বা কার্টুন করায় বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে অশালীন বক্তব্য ও ব্যক্তিগত কুৎসা রটনা দুঃখজনক। যারা সরকারের শীর্ষ নেতাদের নিয়ে নোংরা অপপ্রচার চালিয়েছে, বিরোধী দল তাদেরই পুরস্কৃত করে সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছে।
এর আগে বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা বরিশাল, চাঁদপুর, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। এমনকি শেখ মুজিব নিহত হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ এবং জামায়াত নেতা গোলাম আজমকে পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের সুযোগও তিনিই করে দিয়েছিলেন।
একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা আগামী দিনে সফল হতে সাহায্য করবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিগত দিনের সব জঞ্জাল এড়িয়ে দেশ এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
Discover more from দৈনিক ন্যায়ের ডাক
Subscribe to get the latest posts sent to your email.

