সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট’র উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত।
বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

